দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগে হামের সংক্রমণ বাড়ছে। গত একদিনে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে বরিশালে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত মোট ৫৩ হাজারের বেশি মানুষের মধ্যে উপসর্গ পাওয়া গেছে এবং ৭ হাজারের বেশি রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।