আসন্ন ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুরহাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, মহাসড়কের গর্ত দ্রুত সংস্কার এবং ফেরি-লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ঈদের আগে ও পরে সাত দিন করে মোট ১৪ দিন সার্বক্ষণিক কার্যকর থাকবে। এছাড়া র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
তিনি বলেন, এবার দেশজুড়ে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। রাজধানীতে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট থাকবে। হাটগুলোতে সিসিটিভি, পর্যাপ্ত আলোকসজ্জা ও জালনোট শনাক্তে ব্যাংক বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে বলেও জানান তিনি। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের জন্য সরকার ২০ কোটি টাকা অনুমোদন দিয়েছে বলেও উল্লেখ করেন।