লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে নাবাতিয়ে অঞ্চলের যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। হামলার পর মরদেহ দুটি নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।
দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও জানিয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী কর্মী দিপালী বেগম নিহত হন।