কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় লাশ গুম করার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলাইমান আদালতে উপস্থিত ছিলেন।
আসামি সোলাইমান টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে। ট্রাইব্যুনালের বিশেষ পিপি মোশারফ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ কক্ষে নিয়ে যায় সোলাইমান। সেখানে ধর্ষণের পর হত্যা করে মরদেহ একটি লাগেজে ভরে পাশের পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকায় লবণ মাঠে ফেলে আসে। ঘটনার পরদিন নিহত শিশুর পিতা আয়াত উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ওইদিনই সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন। রায় ঘোষণার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষ জানিয়েছে, তারা উচ্চ আদালতে আপিল করবে।