লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ দীর্ঘ এক মাস পর দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিপালির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন দিপালি। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসনে। আইনি প্রক্রিয়া ও যুদ্ধের পরিস্থিতির কারণে মরদেহ দেশে ফিরিয়ে আনতে এক মাস সময় লেগেছে।বিমানবন্দরে দিপালির মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
এ সময় শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, দিপালির এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার তার পরিবারের পাশে থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাত ও অস্থিরতার কারণে এ পর্যন্ত অন্তত ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। দিপালিকে নিয়ে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।