দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর সন্তান জন্ম নিয়েছিল ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির ঘরে। আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া তাদের একমাত্র ছেলে ফাইয়াজ হাসান তাজিমকে ঘিরে ছিল অসংখ্য স্বপ্ন। তবে মাত্র ৮ মাস ১৮ দিন বয়সেই হাম ও জটিল শারীরিক অবস্থার কারণে মৃত্যু হয়েছে শিশুটির।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মার্চ মাস থেকে অসুস্থ হয়ে পড়ে তাজিম। প্রথমে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয় সে। পরে শরীরে হামের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার জন্য চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার একাধিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
শিশুটির মা জানান, কয়েক দফা হাসপাতালে ভর্তি ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে পরিবারকে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হয়েছে। শুধু হামের চিকিৎসাতেই কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেন তিনি।
অসুস্থতার সময় শিশুটিকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে পরিবারকে। কখনো বেড না পাওয়া, কখনো নিবিড় পরিচর্যা ইউনিটের সংকট—সব মিলিয়ে দুশ্চিন্তা ও ভোগান্তির মধ্যেই কাটছিল দিনগুলো। শেষ পর্যন্ত গত ২২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাজিম।
সন্তান হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কষ্ট ও ক্ষোভের কথা লিখে চলেছেন তাজিমের মা। তিনি জানিয়েছেন, সন্তানের প্রথম হামের টিকা নেওয়ার নির্ধারিত তারিখ ছিল ১ মে, কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চলে যায় শিশুটি।
শিশুটির মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে দেশে হামের বাড়তে থাকা সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন স্বজনরা।