বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বয়কট করলে সংশ্লিষ্ট দলগুলোকেই মাইনাস হতে হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো অনিশ্চয়তা নেই। যে দল অংশ নিতে না চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, কেউ সেই ঝুঁকি নেবে না।”
সংস্কার ও আলোচনার বিষয়ে মন্তব্য করে সালাহউদ্দিন জানান, জুলাই সনদের কিছু প্রস্তাব বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। তিনি বলেন, বিকল্প প্রস্তাব আলোচনায় উপস্থাপন করা হবে। তবে সংবিধানের ঊর্ধ্বে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে তিনি জানান, প্রয়োজনীয় পরিবর্তনগুলো ঐকমত্যের ভিত্তিতে করা সম্ভব, তবে সংসদ নির্বাচনের পরেই তা বাস্তবায়নযোগ্য হবে।
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার বৈধভাবে দায়িত্ব পালন করছে এবং বিএনপি কোনো জটিলতা তৈরি করতে চায় না। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জোট গঠনের বিষয়ে তিনি জানান, কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। ইসলামি মূল্যবোধে বিএনপি বিশ্বাস করে, তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।