মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গাড়িতে করে বাসায় ফেরার পথে চন্দ্রনাথ রথের গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ধাওয়া করে এবং পরে গুলি চালায়। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছালে তাঁর গাড়ির ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং সামনের আসনে বসা চন্দ্রনাথ গুরুতর আহত হন।
তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি বুদ্ধদেব বেরা গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ বিজেপির নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পরপরই এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।