ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দিবাগত রাতে পরপর দুটি সড়ক দুর্ঘটনার কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে সাইনবোর্ড থেকে শুরু করে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল পর্যন্ত মহাসড়কে আটকে থাকে শত শত ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ি। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দাউদকান্দি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর মেঘনা সেতুর কাছে আরেকটি ট্রাক দুর্ঘটনায় পড়লে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “একই রাতে দাউদকান্দি ও মেঘনায় দুটি ট্রাক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের একাধিক টিম কাজ করছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।”