ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে অমানবিক নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।
ভুক্তভোগী মিম আক্তারের পরিবার জানায়, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে তার বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার কথা বলে তিনি মিমের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে আবারও টাকা দাবিকে কেন্দ্র করে দীন ইসলাম ও তার স্বজনরা মিমকে মারধর করেন। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে দেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। পরে ছুরি দিয়ে আঘাত করলে মিমের হাত ও মুখে গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে আখাউড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।