যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানায়। এতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে এবং ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে তা পৌঁছানোর কথা রয়েছে।
নিহত জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অপরদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তদন্তের একপর্যায়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগ থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।