ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-কে পেছনে ফেলে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো রাজ্যে এমন ফলাফলের আভাসে উল্লাসে মেতে উঠেছেন বিজেপি সমর্থকরা। বিভিন্ন স্থানে বাজানো হচ্ছে ডিজে, উড়ছে গেরুয়া আবির। তবে এই উচ্ছ্বাসের মধ্যেই একাধিক এলাকায় সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার (৪ মে) একাধিক গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে পাল্টা বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
সবশেষ সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনহাটা এলাকায়। সেখানে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। গণনার সর্বশেষ প্রবণতায় ওই আসনে বিজেপির প্রার্থী অজয় রায় প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, আর তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ পিছিয়ে আছেন।
এদিকে আসানসোল ও ক্যানিং পূর্ব এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোলে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে ক্যানিং পূর্বের গণনাকেন্দ্রে হট্টগোলের ঘটনাও ঘটে।
অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাসভবনের বাইরেও বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।