ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন (৩৮)-কে ১৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ ইউরো জরিমানা করেছে আদালত। তবে রায় ঘোষণার আগেই তিনি দেশত্যাগ করে পলাতক হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৭ জুন পালেরমোর ভিয়া রিফেরদিকো এলাকায় একটি দোকানে মরক্কান বংশোদ্ভূত, ইতালিতে জন্ম নেওয়া ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার পুলিশে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৬ সালের ১২ জানুয়ারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। তবে তার আগেই তিনি আত্মগোপনে চলে যান।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার চলাকালে তিনি বিভিন্ন ব্যক্তি ও একটি ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, ১১ জানুয়ারি বড় ভাইয়ের সহায়তায় তিনি বাংলাদেশে পালিয়ে যান।
এদিকে, ঘটনার পর দোকানের সাবেক কর্মচারী সুমন মিয়ার বিরুদ্ধে বাংলাদেশে হয়রানির অভিযোগ উঠেছে। তার দাবি, পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তার বাবাকে আটক রাখা হয়েছিল।
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের অপরাধ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।