বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন তোলেন, “৫৪ বছর আগে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজ আমি কি এ দেশে বাঁচার অধিকার হারিয়েছি?”
গতকাল রোববার বিএনপি থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর থেকে রাজধানীর সেগুনবাগিচায় তার ভাড়া বাসার সামনে বিক্ষোভ শুরু হয়। ফজলুর রহমান জানান, স্লোগানে তাকে ‘ফজু পাগলা’ বলে অপমান করা হচ্ছে এবং হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমার কথায় কেউ কষ্ট পেলে মামলা করুন, গ্রেপ্তার করুন, কিন্তু মব তৈরি করে হত্যার হুমকি কেন? এটি ন্যায়সঙ্গত কি?”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ, আপনারা জানুন, আমি মুক্তিযুদ্ধ ও দেশের মানুষকে ভালোবাসি। আমি একজন মানুষ। আমার বেঁচে থাকার অধিকার আছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির বিষয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেও এ পরিস্থিতিকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন। তার ভাষায়, “আমাকে রক্ষায় পুলিশ-সেনা মোতায়েন—এটি কি একজন মুক্তিযোদ্ধার জন্য সম্মানজনক?”
তিনি জানান, জিডি করার কোনো পরিকল্পনা তার নেই, বরং তিনি দলের শোকজের উত্তর দেবেন। তবে এও বলেন, “আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাসার সামনে মব জড়ো করা—এটা দেশের জন্য লজ্জার।”
বর্তমানে তার বাসার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।