গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পারাপারের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি এক বার্তায় বলেছেন, হরমুজ প্রণালির সামুদ্রিক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই অঞ্চলে বাইরের শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল, গ্যাস ও জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি সংঘাতের জেরে এই প্রণালিতে অবরোধ জারি হলে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে।
এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রহরায় এসব জাহাজকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রোজেক্ট ফ্রিডম’।
তিনি জানান, বিভিন্ন দেশের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে আটকে পড়া জাহাজগুলো নিরাপদে গন্তব্যে যেতে পারে এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত হয়।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে।