পাকিস্তানে একটি প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ঘটেছে ভয়াবহ ঘটনা। পাঞ্জাব প্রদেশের গুজরাটে বোলিংয়ের সুযোগ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ক্রিকেটার গুলি চালিয়ে দলীয় অধিনায়ক ও তার ভাইকে হত্যা করেছেন। আহত হয়েছেন তাদের চাচা।
গুজরাট পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে ম্যাচ চলাকালীন এ ঘটনা ঘটে। বোলিংয়ের সুযোগ না পেয়ে অভিযুক্ত খেলোয়াড় অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই এবং চাচার ওপর গুলি চালান। ঘটনাস্থলেই ফখর ইকবাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার ভাই ও চাচাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফখরের ভাইও মৃত্যুবরণ করেন, তবে চাচা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভয়াবহ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।