সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম-এর গেজেট প্রকাশ না করার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক নেত্রী মনিরা শারমিন।
রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে তিনি এ আবেদন জানান। চিঠিতে মনিরা উল্লেখ করেন, তার দায়ের করা রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ না করার আহ্বান জানান তিনি। অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন বলেও উল্লেখ করেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং আপিলেও তা বহাল থাকে। এরপর তিনি উচ্চ আদালতে রিট দায়ের করেন, যার শুনানি আগামী ৪ মে নির্ধারিত রয়েছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং তাকে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটের রায়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত মনিরার পক্ষে রায় দিলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের অধিকাংশ প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই নির্দিষ্ট আসনটি এখনো আইনি জটিলতায় রয়েছে।