কুমিল্লায় আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় নগরীর শাসনগাছা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা থানা ঘেরাও করলে এবং পরিবহন শ্রমিকরা বাস টার্মিনাল অবরোধ করলে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে দিতে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন, ফলে সেখানে কার্যত অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
একই সময় শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে টার্মিনাল থেকে দূরপাল্লা ও আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পুলিশ সূত্র জানায়, টার্মিনাল এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণসংক্রান্ত কিছু অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে এখনো তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে থানায় আনা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আটক করার সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। দলের নেতারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি জানার চেষ্টা করছেন।