কুমিল্লার দেবিদ্বার মাদরাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালেদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন স্বপন ভুঁইয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভুঁইয়া দেবিদ্বার বাবুস সালাম মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করতে এবং ছেলেকে সেখানে ভর্তি করাতে মোটরসাইকেলে করে রওনা হন। পথে আজগর আলী স্কুলের সামনে পৌঁছালে খালেদ মোটরসাইকেল থেকে পড়ে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার সময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।