মার্কিন নৌ-অবরোধের মধ্যেই ইরানের একটি তেলবাহী ট্যাংকার বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো।
ট্যাংকার ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, ইরান এর জাতীয় ট্যাংকার কোম্পানির ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল তেল বহন করছে। এর বাজারমূল্য প্রায় ২২০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।
জাহাজটি সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলের কাছে শনাক্ত করা হয়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি অতিক্রম করে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল United States নৌ-অবরোধ আরোপের সময় ট্যাংকারটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে যাত্রা শুরু করে জাহাজটি। এরপর থেকেই এটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখে, ফলে দীর্ঘ সময় এর অবস্থান অজানা ছিল।
এই ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরান সংশ্লিষ্ট ৪০টির বেশি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে এবং তাদের অবরোধ কার্যকর রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এতে ইরানের তেল রপ্তানি ব্যাহত হচ্ছে এবং দেশটি আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
তবে সর্বশেষ এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, নৌ-অবরোধ কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে এবং ইরান কীভাবে বিকল্প উপায়ে তেল রপ্তানি অব্যাহত রাখছে।