ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটারদের খাবার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে দলগুলোর পরিবর্তে বোর্ডই খেলোয়াড়দের জন্য খাবারের ব্যবস্থা করবে, যেখানে গুরুত্ব পাবে স্বাস্থ্য ও ফিটনেস।
মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, এতদিন ডিপিএলের দলগুলো নিজেদের মতো করে দুপুরের খাবার দিত, যেখানে সাধারণত ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের মতো খাবার থাকত। নতুন পরিকল্পনায় এসবের পরিবর্তে খেলোয়াড়দের উপযোগী, স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হবে।
তামিম বলেন, দীর্ঘদিনের খাদ্যাভ্যাস হঠাৎ বদলানো সহজ নয়। জাতীয় দল বা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা হয়তো এমন খাদ্যতালিকায় অভ্যস্ত, তবে ঘরোয়া লিগের অনেক খেলোয়াড়ের জন্য এটি নতুন অভিজ্ঞতা হবে। তবুও ধাপে ধাপে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করার চেষ্টা থাকবে।
নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনছে বিসিবি। তামিম জানান, এবারের ডিপিএলে প্রতিটি ভেন্যুতে একাধিক অ্যাম্বুলেন্স রাখা হবে, এমনকি আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সও থাকবে। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব।
এছাড়া আন্তর্জাতিক মান বজায় রাখতে ডিপিএলে (আইসিসি)-এর দুর্নীতিবিরোধী নীতিমালাও অনুসরণ করা হবে।
আগামী ৪ মে থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএলের নতুন মৌসুম।