আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন।
রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শহরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডি।
গ্রেপ্তারের একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে আফ্রিদিকে বলতে শোনা যায়— “আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগন্যান্ট।” এ সময় আরেকজন তাকে জিজ্ঞেস করেন, এটি ভাড়া বাসা কিনা। জবাবে আফ্রিদি জানান, জায়গাটি তাদের দাদার বাড়ি এবং তিনি বাবার গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে এসেছেন।
গ্রেপ্তারের আগে উপস্থিতদের আশ্বস্ত করে তিনি বলেন— “আমি পালাব না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে সবাই জানে।” পরে গাড়িতে তোলার সময় তিনি প্রশ্ন করেন, “আমরা ডিবিতে যাচ্ছি না?” তখন পাশ থেকে সংশোধন করে বলা হয়— “সিআইডি।”
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন জানিয়েছেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ঢাকার মামলার ভিত্তিতে সিআইডির একটি টিম অভিযান চালায়। এসময় কোতোয়ালি থানা পুলিশ তাদের সহযোগিতা করলেও মামলার বিস্তারিত তাদের জানা নেই। গ্রেপ্তারের পর রাতেই আফ্রিদিকে ঢাকায় নেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলাটি করেন। এতে তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে আফ্রিদির নাম ১১তম আসামি হিসেবে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।