ইউরোপের দেশ ইতালি তে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নয়ন ফকির (২৮)-এর পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব, ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ এবং আর্থিক লেনদেনের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত হুমায়ুন ফকিরের বিরুদ্ধে অভিযোগ, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার চাচাতো বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি পরিবার মেনে না নেওয়ায় বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে।
এছাড়া ছোট ভাই নয়নকে ইতালি নেওয়ার খরচ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আর্থিক টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, নয়ন ইতোমধ্যে সেই টাকা পরিশোধ করলেও নতুন করে আরও অর্থ দাবি করা হলে বিরোধ তীব্র আকার নেয়।
ঘটনার দিন বিকেলে নয়ন বাড়ির নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে গেলে ওত পেতে থাকা হুমায়ুন পেছন থেকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, হত্যার পর হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের মরদেহ দেখান, যা পরিবারকে আরও মর্মাহত করেছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার পর ইতালি পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে আটক করেছে। তিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। এদিকে নিহত নয়নের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিহতের পরিবার দ্রুত বিচার নিশ্চিত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।