যুক্তরাষ্ট্রে নিখোঁজের পর উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্তের বিষয়টি জানায়।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের University of South Florida-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।
এর আগে, প্রায় ১০ দিন পর টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তে জানা গেছে, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
পরে উদ্ধার হওয়া একটি অজ্ঞাত মরদেহের সঙ্গে বৃষ্টির যোগসূত্র আছে কি না, তা নিয়ে তদন্ত চলছিল। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহের পরনের পোশাকের সঙ্গে সিসিটিভিতে শেষবার বৃষ্টিকে দেখা পোশাকের মিল পাওয়া যায়। পরবর্তীতে সেটিই বৃষ্টির মরদেহ বলে নিশ্চিত করা হয়।
এদিকে লিমনের মরদেহ শনিবার (২ মে) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সোমবার (৪ মে)।