নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে অন্তত ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ক্যামেরুন সীমান্তের কুমশে এলাকায় চারটি পৃথক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।
নাইজেরিয়ান এয়ারফোর্স (এনএএফ) জানিয়েছে, সেনাদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা পরিচালনা করা হয়। অভিযান শেষে স্থল সেনারা জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বছরের শুরু থেকেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম এবং আইএসডব্লিউএপি (আইএসআইএল ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) এর তৎপরতা আবারও বেড়ে গেছে। তারা নিয়মিত সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, সেনা হত্যা করছে এবং অস্ত্রশস্ত্র লুট করছে। সহিংসতা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে ক্যামেরুন, চাদ ও নাইজারেও।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ১৬ বছর ধরে চলা এ সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে অন্তত ২০ লাখ মানুষ।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বোমা, রকেট ও আধুনিক যুদ্ধাস্ত্রের এই চুক্তি এখন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এতে করে নাইজেরিয়ার সন্ত্রাসবিরোধী লড়াই আরও কার্যকর হবে।