বলিউড বাদশা শাহরুখ খান শুধু পর্দাতেই নন, বাস্তব জীবনেও তার উদারতার নজির বহুবার সামনে এসেছে। সম্প্রতি প্রবীণ প্রযোজক কেসি বোকাদিয়া প্রায় দুই দশক আগের একটি ঘটনা স্মরণ করে সেই মানবিকতারই আরেকটি উজ্জ্বল দিক তুলে ধরেছেন।
ঘটনাটি ২০০২ সালের সিনেমা হাম তুমহারে হ্যায় সনম ঘিরে। ছবিটিতে অভিনয়ের জন্য শাহরুখ খানের পারিশ্রমিক নির্ধারিত ছিল প্রায় ৯৫ লাখ টাকা। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত-এর মতো তারকারা।
তবে মুক্তির পর প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি সিনেমাটি। বড় অঙ্কের লোকসানের মুখে পড়েন প্রযোজক কেসি বোকাদিয়া। এমন অবস্থায় তিনি পেশাদার দায়িত্ববোধ থেকে শাহরুখের পারিশ্রমিক পরিশোধ করতে চাইলে, সেখানেই দেখা যায় কিং খানের ব্যতিক্রমী সিদ্ধান্ত।
শাহরুখ খান স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই টাকা নেবেন না। তার যুক্তি ছিল—এই অর্থ তিনি অন্যভাবে উপার্জন করতে পারবেন, কিন্তু প্রযোজককে তা দিতে হলে হয়তো ব্যক্তিগত সম্পদ বিক্রি করতে হতে পারে। প্রযোজকের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং এক টাকাও গ্রহণ করেননি।
এই ঘটনার নির্দিষ্ট কোনো প্রচার না থাকলেও, চলচ্চিত্র অঙ্গনে এটি আজও মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। যেখানে আর্থিক স্বার্থকে প্রাধান্য দেওয়া সাধারণ বিষয়, সেখানে শাহরুখ খানের এই আচরণ তাকে শুধু তারকা নয়—একজন বড় মনের মানুষ হিসেবেও আলাদা করে তুলে ধরে।