সিলেটের সাদাপাথর লুটের ঘটনাকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ তদন্তে নতুন করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিজিবির পক্ষ থেকে গঠিত এ তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
এর আগে শুক্রবার সকালে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সাদাপাথর লুটের ঘটনায় বিজিবি কোনোভাবেই দায় এড়াতে পারে না। দোষী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি গত বুধবার রিপোর্ট জমা দিয়ে ১০টি সুপারিশ করেছে।