সরকার পতনের হুমকি দিলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ইশরাক হোসেন বলেন, “আপনারা যদি সরকার পতনের হুমকি দেন, তাহলে বিরোধীদল থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।” তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।
বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সংসদের ভেতরে তারা গঠনমূলক আলোচনা করলেও বাইরে ও বিভিন্ন জায়গায় এমন বক্তব্য দিচ্ছেন, যা সমাজে উত্তেজনা তৈরি করছে। এর প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
জ্বালানি সংকটসহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সংসদে ইতিবাচক অবস্থান নিলেও বাইরে গিয়ে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এমনকি অল্প সময়ের মধ্যে সরকার পতনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তা কারও জন্যই ভালো হবে না এবং এতে ‘পলাতক ফ্যাসিবাদের দোসররা’ লাভবান হতে পারে।
বিরোধী দলের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, “আমরা বিভক্তির নয়, শান্তির রাজনীতি চাই। পারস্পরিক সম্মান বজায় রেখে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।”