রাজধানীর ওপর চাপ কমাতে দেশের প্রতিটি অঞ্চলে নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে কাজ করছে সরকার—এমনটাই জানিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশের প্রায় সব উন্নয়ন ও সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় মানুষ বাধ্য হয়ে রাজধানীমুখী হচ্ছে। এই প্রবণতা কমাতে দীর্ঘমেয়াদি বিকেন্দ্রীকরণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে মানুষ নিজ নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় সেবা পেতে পারে।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতির বাস্তবায়ন নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মেট্রোরেলের নিচের খালি জায়গা ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।