ভিসা ব্যবহারে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বিশেষ করে সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে তারা।
বুধবার (২৯ এপ্রিল) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, কেউ যদি শুধুমাত্র সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান, তবে তা ভিসার শর্তের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

বার্তায় আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন যে আবেদনকারীর মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে তার ট্যুরিস্ট ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনকারীদের সঠিক ও স্বচ্ছ উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।