কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ছাদিয়া (৮), নুরনবী (২৮) ও লিমন (২৮)। তাদের মধ্যে লিমন মাইক্রোবাসের চালক ছিলেন।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক কন্যাশিশু রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।