ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এক যুবকের হামলায় দাদি, ফুপুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (রাত) আনুমানিক সাড়ে ৯টার দিকে খুশির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ মোল্যা (২৫) ঘটনার পর পালিয়ে গেছেন।
নিহতরা হলেন—আমেনা বেগম (৮০), রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুন মোল্যার ছেলে আকাশ মোল্যা হঠাৎ উত্তেজিত হয়ে ঘর থেকে কোদাল নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। প্রথমে তিনি তার দাদি আমেনা বেগমকে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ফুপু রাহেলা বেগমকেও কুপিয়ে হত্যা করা হয়।
পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে রিকশাচালক কাবুল চৌধুরী বাধা দিতে গেলে তাকেও কোদাল দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন, তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর আকাশ মোল্যা পালিয়ে যান। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।
পুলিশ জানায়, হত্যার পেছনে মানসিক অস্থিরতা, পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।