নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহিউদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল। দুপুরে বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্বজনরা খোঁজাখুঁজি করে প্রথমে এক বোনের মরদেহ উদ্ধার করেন। এরপর জাল ফেলে অন্য বোনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, স্বজনরা থানায় এসে বিষয়টি অবহিত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।