রাউজান-এ একদিনের ব্যবধানে আবারও গুলিতে নিহত হয়েছেন যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নাছির উদ্দীন নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন স্থানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নাছির উদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নাছির উদ্দীন ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কোনো পদে না থাকলেও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, নাছির উদ্দীনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল একই উপজেলায় আরেকটি গুলির ঘটনায় কাউছার জামান বাবলু নামে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই হত্যাকাণ্ড ঘটল।