মিশরের রাজধানী কায়রোতে প্রবাসের ব্যস্ত জীবনে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ, বৈশাখী মেলা ও পিঠা উৎসব’। গত শনিবার (২৫ এপ্রিল) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাসের স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ। আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল আজহার ড. আহমাদ আত-তাইয়্যেবের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদি এবং মাদিনাতুল বু’উস আল-ইসলামিয়ার প্রধান ইসাম আল-কাদি।
বিকেল তিনটায় শুরু হওয়া এই উৎসবে প্রবাসী শিক্ষার্থী ও পরিবারগুলো লাল-সবুজের আমেজে সজ্জিত হয়ে অংশ নেন। মেলায় পিঠা-পুলি, রসমালাই, জিলাপি, ফুচকা, চটপটিসহ হরেক রকম দেশি খাবারের স্টল ছিল আকর্ষণের কেন্দ্রে। রাষ্ট্রদূত সামিনা নাজ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, “প্রবাসে নিজস্ব সংস্কৃতি চর্চার এই উদ্যোগ প্রশংসনীয়। এটি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসাম আল-কাদি বলেন, বিদেশের মাটিতে স্বকীয় সংস্কৃতি উদযাপন দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশু-কিশোরদের নানা আয়োজনে পুরো স্টেডিয়াম যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। আয়োজক কমিটির সভাপতি সাইফুর রহমান বলেন, “রাষ্ট্রদূতের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের জন্য বড় প্রেরণা।” আয়োজক দলের মিনহাজ সামি, মিরাজুর রহমান ও সালেহ আল ইসলামসহ সকল স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আল-আজহারের শিক্ষার্থী ছাড়াও মিশর প্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশি এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই আনন্দঘন আয়োজনে অংশ নেন। প্রবাসজীবনের কর্মব্যস্ততা ছাপিয়ে পহেলা বৈশাখের এই উৎসব যেন প্রবাসীদের মাঝে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনে।