পর্তুগালের ন্যাশনাল ফায়ারফাইটার্স স্কুল বা ইএনবি গ্রামীণ অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে একটি নতুন অনলাইন কোর্স চালু করেছে। “গ্রামীণ অগ্নিকাণ্ড: আগে, চলাকালীন এবং পরে কী করণীয়” শীর্ষক এই চার ঘণ্টার প্রশিক্ষণটি নাগরিকদের আগুনের ঝুঁকি বুঝে নিরাপদভাবে পদক্ষেপ নিতে সহায়তা করবে।
পর্তুগালের ন্যাশনাল ফায়ারফাইটার্স স্কুল (ইএনবি) গ্রামীণ অগ্নিকাণ্ড সম্পর্কে নাগরিকদের প্রস্তুত করতে একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ডিজিটাল সেবা এনএউ প্ল্যাটফর্মে কোর্সটি উন্মুক্ত করা হয়েছে। দাবানলের মৌসুম ঘনিয়ে আসার আগেই এটি চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইএনবি বলেছে, কোর্সটির লক্ষ্য হলো সাধারণ মানুষকে এমন জ্ঞান দেওয়া, যাতে তারা নিরাপদ, সচেতন এবং কার্যকরভাবে কাজ করতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকা, জনবিরল অঞ্চল এবং বনাঞ্চল ঘেঁষা স্থানে বসবাসকারী বা যাতায়াতকারী মানুষদের জন্য এটি তৈরি করা হয়েছে। গ্রীষ্মে গ্রামে ছুটি কাটাতে যাওয়া ব্যক্তিরাও এই কোর্সের আওতায় পড়বেন।
প্রশিক্ষণে গ্রামীণ অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণ চিহ্নিত করা, পরিবারের জরুরি পরিকল্পনা তৈরি করা, প্রয়োজনীয় সামগ্রীসহ জরুরি কিট গুছিয়ে নেওয়া এবং বাড়িঘর ও কমিউনিটি সুরক্ষার মৌলিক পদ্ধতি শেখানো হবে। ইএনবি জানিয়েছে, ক্রমবর্ধমান গ্রামীণ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে নাগরিকদের প্রস্তুতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোর্সের ধরন
কোর্সটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এতে ভিডিওকে মূল শিক্ষাসামগ্রী হিসেবে ব্যবহার করা হয়েছে, সঙ্গে থাকবে বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ ও চিন্তামূলক প্রশ্ন। প্রতিটি প্রধান বিষয়ের শেষে মূল্যায়ন প্রশ্ন থাকবে, যাতে অংশগ্রহণকারীরা শেখা বিষয় কতটা আয়ত্ত করেছেন তা যাচাই করা যায়।
এই প্রশিক্ষণের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং একাধিকবার চেষ্টা করার সুযোগ থাকবে। তবে সফলভাবে কমপক্ষে ৫০ শতাংশ প্রশ্নের উত্তর দিতে হবে। ইএনবি জানিয়েছে, এই কাঠামো অংশগ্রহণকারীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও নমনীয় করবে।
ইএনবি পর্তুগিজ দমকলকর্মী ও অন্যান্য বেসামরিক সুরক্ষা কর্মীদের কারিগরি প্রশিক্ষণের শিক্ষাগত কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থার মধ্যে পর্তুগিজ ফায়ারফাইটার্স (এলবিপি) এবং জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ (এএনইপিসি) রয়েছে। কোর্সটি রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান বা পিআরআর-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে
কোর্স রেজিস্ট্রেশান করতে এখানে ক্লিক করুন