বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বাগধা (দাসপাড়া) মডেল উচ্চ বিদ্যালয়-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থীর তাণ্ডব ও তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর পাঁচজন শিক্ষার্থী চুপিসারে ভবনের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষে ঢুকে ভাঙচুর চালায়। তারা বৈদ্যুতিক ফ্যান বিকৃত করে এবং বেঞ্চে লাথি মেরে ক্ষতিগ্রস্ত করে। এ সময় তাদের সহপাঠীরা পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করে।
পরে ওই ভিডিও টিকটক-এ আপলোড করা হলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এতে এলাকাজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ভিডিও দেখে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে নুর মোহাম্মদ, আসিফ বক্তিয়ার, সিয়াম সরদার, আকাশ মিয়া ও সহিবুল হক সম্রাট। ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
অভিযুক্তদের একজন সহিবুল হক সম্রাট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “তখন বুঝতে পারিনি, এখন বুঝেছি কাজটি ভুল হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা বৈঠক করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজ মোশেদ জানিয়েছেন, অভিভাবকদের ডেকে বিষয়টি সমাধান করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লিখন বনিক জানান, ক্ষতিগ্রস্ত আসবাবপত্রের ক্ষতিপূরণ আদায় এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
ঘটনাটি স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মূল্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।