ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। রোববার এই আগমনের মধ্য দিয়ে আসন্ন সংলাপকে ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।
আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে এই আলোচনাকে ঘিরে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে রেড জোনে যান চলাচল সীমিত করা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতে সাময়িকভাবে গণপরিবহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ বাহিনী, কমান্ডো ও স্নাইপারদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয় এবং সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি আসে। সেই ধারাবাহিকতায় নতুন এই বৈঠককে ঘিরে আশাবাদ তৈরি হলেও এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।