গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, দলের ভেতরে থাকা ‘গুপ্ত জাশি’ (জামায়াত-শিবির) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর-কে মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য কাজ করছে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন। রাশেদ খানের অভিযোগ, গণ অধিকার পরিষদ ও এনসিপির ভেতরে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দলগুলোর স্বাভাবিক রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর দেশে তরুণদের রাজনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা জামায়াত-শিবির গলাটিপে হত্যা করেছে।” তার দাবি, সংগঠনের দুর্বলতার সুযোগ নিয়ে এই গোষ্ঠী প্রভাব বিস্তার করেছে।
রাশেদ খান আরও অভিযোগ করেন, দলের একটি বড় অংশ ‘জাশি’ সংশ্লিষ্ট এবং তারা দলকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। এমনকি নির্বাচনের আগে নুরুল হক নুরকে দল থেকে বহিষ্কারের উদ্যোগও নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “গণ অধিকার পরিষদের ভেতরে থাকা জাশির অত্যাচারের কারণে আমি দল ছেড়েছি।” পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।