মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই-কংকং সড়কে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক। তিনি জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ওই বাংলাদেশি কর্মী মোটরসাইকেল নিয়ে মাসাই থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়লে সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা তৃতীয় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় অন্য দুই মোটরসাইকেলের চালকসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।