ভারতের তামিলনাড়ু রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোয়েম্বাটুর জেলার ভালপারাই পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পর্যটকবাহী একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, মালাপ্পুরম জেলা থেকে ১৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি ভালপারাই হয়ে নিচের দিকে নামছিল। পথে ভালপারাই-পোল্লাচি সড়কের ১৩ নম্বর হেয়ারপিন বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের নিরাপত্তা বেষ্টনী ভেঙে খাদে পড়ে যায়।
ভালপারাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ৭ জন নারী ও ১ জন পুরুষ। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কয়েকজন মালাপ্পুরমের একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যারা ছুটির সময় ভ্রমণে বেরিয়েছিলেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক হওয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে এই ঘটনায় যান্ত্রিক ত্রুটি নাকি চালকের গাফিলতি দায়ী—তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।