বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার প্রকাশিত এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিক, নীতিনির্ধারক ও প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমানকে ‘নেতৃত্ব’ বিভাগে রাখা হয়েছে। এই বিভাগে স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পোপ লিও চতুর্দশসহ আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে যা লিখেছে-—
“মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবনে শান্তভাবে বসবাস করছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৫৭ বছর বয়সী এই রাজনৈতিক নেতা বিরোধী আন্দোলনের একজন মুখপাত্র থেকে জাতীয় নেতৃত্বের অপেক্ষমাণ ব্যক্তিতে পরিণত হন। পরে ফেব্রুয়ারিতে বড় নির্বাচনী জয়ের মাধ্যমে তিনি সেই অবস্থানে পৌঁছান, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকার পর।
এই বিজয়ের মাধ্যমে তিনি তার মা খালেদা জিয়ার পথ অনুসরণ করেন, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পর তার মা মারা যান।
শোকের মধ্যেও জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, তিনি এই কষ্টকে শক্তিতে পরিণত করে ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশকে ঐক্যবদ্ধ করতে চান এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার গতিশীল করতে চান।
টাইম উল্লেখ করেছে, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির মতো সমস্যার মুখোমুখি। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
ম্যাগাজিনটি আরও বলে, দুই হাজার দশকের দুর্নীতির অভিযোগ—যদিও পরে আদালতে খারিজ হয়েছে—তার রাজনৈতিক জনপ্রিয়তার সময়কালকে ছোট করতে পারে।
তবে বহু বছর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর তিনি আর সময় নষ্ট করতে চান না।
তারেক রহমান টাইমকে বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।’”