দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৩২ জন মারা গেছেন। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে।
এদিকে দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৯৭৩ জনে। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ১৬১ জন। এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৭২ জন।
বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এখানে ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬১ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যদিও তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা কিছুটা কম রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।