ইতালির সরকার ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউরোপে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ইতালি অন্যতম হলেও সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি সামরিক হামলা নিয়ে রোম উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ওই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে কর্মরত ইতালীয় সেনারা ঝুঁকির মধ্যে পড়ায় বিষয়টি ইতালির জন্য আরও সংবেদনশীল হয়ে ওঠে।
সরকারি সূত্র অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে ইতালি ও ইসরায়েলের মধ্যে সামরিক প্রশিক্ষণসহ কিছু প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।
জানা গেছে, প্রধানমন্ত্রী মেলোনি সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।
তবে এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তথ্যসূত্র- রয়টার্স।