জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক নারী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী চম্পা (৪১), যিনি পাঁচ সন্তানের জননী। সোমবার বিকেল থেকে তিনি উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় এলাকায় প্রেমিক কাজল-এর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে চম্পা ও কাজলের মধ্যে পরিচয় হয়। সেই সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং পরবর্তীতে তারা পারিবারিকভাবে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে দাবি করেন চম্পা।
চম্পা জানান, তিনি শুরুতেই নিজের পূর্বের সংসার ও সন্তানদের বিষয়ে কাজলকে অবহিত করেছিলেন। তার দাবি অনুযায়ী, কাজলের আশ্বাসে তিনি আগের সংসার থেকে বিচ্ছিন্ন হন এবং দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন।
চলতি মাসের ৯ তারিখে কাজলের আহ্বানে তিনি পুনরায় তার বাড়িতে আসেন। তবে এসে দেখেন কাজল ও তার পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর থেকেই তিনি বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সুজন পারভেজ বলেন, বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে এবং উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি নজরে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় এখন আলোচনা—একটি সম্পর্কের প্রতিশ্রুতি, অনিশ্চয়তা এবং বাস্তবতার টানাপোড়েন।