পছন্দের নারীকে পাওয়ার জন্য ভয়ংকর পরিকল্পনা করেছিল ভারতের ছত্তিশগড়ের ইলেকট্রিক মিস্ত্রি বিনয় বর্মা। তিনি নববিবাহিত আফসার খানকে হত্যা করতে পার্সেল হিসেবে পাঠান একটি মিউজিক সিস্টেম, যার ভেতরে লুকানো ছিল শক্তিশালী বোমা।
সন্দেহ হওয়ায় আফসার পুলিশে খবর দেন। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে স্পিকারের ভেতরে প্রায় দুই কেজি বিস্ফোরক উদ্ধার করে। জানা যায়, বিদ্যুৎ সংযোগ লাগাতেই ঘটতো ভয়াবহ বিস্ফোরণ।
তদন্তে জানা গেছে, আফসারের স্ত্রীকে বহুদিন ধরে পছন্দ করতেন বিনয়। তাই পথের কাঁটা সরাতে এমন ভয়ংকর ষড়যন্ত্রে নামেন। এ ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।