ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে এক পিকআপ যাত্রী নিহত হন। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস এবং টেকেরহাট থেকে আসা একটি পিকআপের মধ্যে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।