দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ হিসেবে সরকার আগাম টিকাদান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছ থেকে প্রায় ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অতীতে টিকাদান কর্মসূচিতে ধারাবাহিকতার অভাব এবং প্রয়োজনীয় গুরুত্ব না দেওয়ার কারণে হামের সংক্রমণ বেড়েছে। তবে বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বসহকারে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এছাড়া ইউনিসেফের মাধ্যমে আরও টিকা কেনার প্রক্রিয়া চলছে, যার একটি বড় অংশ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।