বিশ্বের প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশরে ফুটবলই যেখানে শেষ কথা, সেখানে এবার দেখা মিললো ভিন্ন চিত্র। পিরামিডের দেশে ক্রিকেটের ব্যাট-বলের লড়াইয়ে মেতেছিলেন প্রবাসী শিক্ষার্থীরা। বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘বাংলাদেশ স্টুডেন্টস প্রিমিয়ার লিগ (BSPL) ২০২৬’-এর তৃতীয় আসর।
মোহাম্মদ সালাহ’র দেশে ক্রিকেটকে জনপ্রিয় করার এই লড়াইয়ে এবার অংশ নিয়েছিল মোট ৮টি দল। আয়োজনের বিশেষত্ব ছিল এর আন্তর্জাতিক আবহ; বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নেন, যা পুরো আসরকে দক্ষিণ এশীয় এক মিলনমেলায় পরিণত করে।
শ্বাসরুদ্ধকর ফাইনালে লড়াই হয় টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং কিংসের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেওয়াজ শরীফের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ১২ ওভারে ১৬১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় তারা। দলের হয়ে রুহান রিজভী খেলেন ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস। তবে গ্যালারিতে উত্তাপ ছড়ান মুহাম্মাদ মুস্তফা; মাত্র ১৫ বলে ৫১ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলে দলের বিশাল সংগ্রহের পথ প্রশস্ত করেন তিনি।
১৬২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছিল চিটাগং কিংস। অধিনায়ক বাশির আরিফ (পাকিস্তান) এবং মুহাম্মাদ ইশরাকের (ভারত) ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল দলটি। তবে কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিং আর চিটাগংয়ের মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২৪ রানে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টজুড়ে অলরাউন্ড পারফরম্যান্স (১৩২ রান ও ৮ উইকেট) প্রদর্শন করে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন পাকিস্তানি খেলোয়াড় মুহাম্মদ রিজওয়ান। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মিশর ক্রিকেট কমিউনিটির সম্মানিত অতিথি এবং মদিনাতুল বু’উস ইসলামিয়ার নেতৃবৃন্দ।
আল আজহারের বাংলাদেশি শিক্ষার্থীদের এই উদ্যোগ মিশরের মাটিতে শুধু ক্রিকেটকেই তুলে ধরেনি, বরং ভিনদেশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে। আয়োজকরা জানান, পড়াশোনার পাশাপাশি প্রবাসের যান্ত্রিক জীবনে বিনোদন এবং ঐক্য অটুট রাখাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।