দীর্ঘদিনের দাবদাহের পর স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা প্রায় তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১০ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে গিয়ে আবারও তাপমাত্রা বাড়তে পারে।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা ইতোমধ্যে কিছুটা কমেছে। ফলে বর্তমানে কোথাও তাপপ্রবাহ নেই। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের মতে, এই বৃষ্টিপাতের কারণে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, যা গরম থেকে সাময়িক স্বস্তি এনে দেবে।